নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের আগে ফর্মহীনতায় ভুগছেন তাওহিদ হৃদয়। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ছায়া হয়ে রইলেন তিনি। উড়ন্ত সূচনা পাওয়া দলের হয়ে তিন নম্বরে নেমে ১৪ বলে করেন মাত্র ৯ রান। এর আগে সিরিজের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি, পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজেও ব্যর্থ ছিলেন ধারাবাহিকভাবে। সবশেষ ১০ ইনিংসে ৪০ রানের গণ্ডি ছুঁতে না পারা হৃদয়ের ছন্দহীনতা বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তবুও অধিনায়ক লিটন দাস তাকে নিয়ে একটুও উদ্বিগ্ন নন। ম্যাচ শেষে তিনি জানান, “হৃদয়ের সামর্থ্যে আমার পূর্ণ বিশ্বাস আছে। আজকে ওর জন্য দিনটা কঠিন ছিল। বৃষ্টি বিরতির পর উইকেট ধীর হয়ে গিয়েছিল, স্পিনাররাও বাড়তি সহায়তা পাচ্ছিল। নতুন ব্যাটার হিসেবে ওর জন্য কাজটা কঠিন ছিল। কিন্তু আমি জানি, বড় মঞ্চে হৃদয় ঘুরে দাঁড়াবে এবং দলকে ভরসা দেবে।”
নিজের ব্যাটিং অভিজ্ঞতার উদাহরণ টেনে লিটন বলেন, বিরতির পর তিনিও ছন্দ খুঁজে পেতে লড়াই করেছেন। তাই হৃদয়ের ব্যর্থতাকে তিনি দেখছেন কেবল দুর্ভাগ্য হিসেবে। অধিনায়কের চোখে হৃদয় এখনও বড় ম্যাচের খেলোয়াড়, যিনি এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দলে পার্থক্য গড়ে দিতে পারবেন।
