নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার পালা প্রায় শেষ। তবে মাঠে গড়ানোর আগেই বদলে গেল এশিয়া কাপের সময়সূচি। আয়োজকরা জানিয়েছে, এবারের আসরের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি নতুন সময়ে শুরু হবে। প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেই হিসেবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা দেখা যাবে।
যদিও পুরো সূচি বদলালেও ১৫ সেপ্টেম্বরের একটি ম্যাচ অপরিবর্তিত থাকছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আসর। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১১টি ম্যাচ এবং আবুধাবিতে হবে বাকি ৮টি খেলা। টুর্নামেন্ট শুরু হবে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে।
এবারের টুর্নামেন্টে থাকছে মোট ৮ দল। গ্রুপ ‘এ’-তে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, আমিরাত ও ওমান। আর গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গত আসরের চেয়ে অংশগ্রহণকারী সংখ্যা বেড়েছে দুইটি, যা প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
