নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেটের ভবিষ্যৎকে সামনে রেখে নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি স্কুল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাতীয় স্কুল ক্রিকেট আসলেই হতে পারে আগামী দিনের তারকা ক্রিকেটারদের ল্যাবরেটরি।
বুলবুলের মতে, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি-মাহমুদউল্লাহ, তামিম-সাকিব বা মুশফিকের মতো প্রতিভাবান ক্রিকেটারদের উত্থান সম্ভব হয়েছে, কিন্তু এখন সময় এসেছে স্কুল ক্রিকেটকে আরও শক্তিশালী করার। তিনি বলেন, “আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ—এরা সবাই স্কুল পর্যায়ে লুকিয়ে আছে। আমাদের কাজ হলো তাদের খুঁজে বের করা, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া। স্কুল ক্রিকেট শুধু খেলার জায়গা নয়, এটি হতে হবে প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম।”
চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ১১টি দল—রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনি, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই আয়োজনকে বুলবুল ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম দৃশ্যমান পদক্ষেপ হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, “প্রতিটি জেলার নিজস্ব ক্রিকেট স্বত্বা আছে। স্কুল ক্রিকেটের মাধ্যমে শুধু খেলার সুযোগ নয়, বরং একটি পুরো ক্রিকেট পরিবার তৈরি করতে হবে—ফিজিও, ট্রেনার, কোচসহ সব ধরনের সাপোর্ট। এর মধ্য দিয়ে আমরা প্রতিটি জেলায় সুপার ট্যালেন্টগুলোকে বের করতে পারব।”
বুলবুলের এই উদ্যোগ কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশের ক্রিকেটীয় সংস্কৃতিকে আরও বিস্তৃত করারও লক্ষ্য রাখে। তার বিশ্বাস, স্কুল ক্রিকেট থেকে উঠে আসা প্রতিভারা ভবিষ্যতে জাতীয় দলের প্রধান স্তম্ভ হিসেবে দেশের সাফল্যের গল্প লিখতে সক্ষম হবে।
