নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লক্ষ্যমাত্রা খুব একটা বড় ছিল না।তাই ইতিহাস গড়ে জয়ের আশা করেছিল অসংখ্য সমর্থক। কিন্তু, ব্যাটিং-ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হার মেনেছে বাংলাদেশের নারী দল। ১১৯ রানের দেয়া টার্গেট পার করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নিগাররা সংগ্রহ করে ৯৭ রান। ফলে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।
৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দু’জনের ৩৫ রানের জুটি ভাঙে নিগার রান আউট হলে। তিনবার জীবন পাওয়া মোশতারি ৫ চারে সাজানো ইনিংসটি খেলে আউট হন ঊনিশতম ওভারে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোশতারি ও নিগার ছাড়া আর কারও ইনিংস দুই অঙ্কের ঘরে যায়নি।
‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা।
সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮/৭ (ওয়াট–হজ ৪১, বুচিয়ের ২৩, জোনস ১২*; ফাহিমা ২/১৮, রিতু ২/২৪, নাহিদা ২/৩২)।
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭/৭ (মোশতারি ৪৪, নিগার ১৫; স্মিথ ২/১১, ডিন ২/২২)।
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানি ওয়াট–হজ।
