নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি২০ কিংবা ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে কখনোই ফাইনাল খেলেনি সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তান। আফগানিস্তান এবার প্রথম সেমিফাইনালে উঠার বিপরীতে একাধিকবার সেমিফাইনাল খেলেছে আফ্রিকা।
আফ্রিকা বনাম আফগানিস্তান চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভোর ৬.৩০ মিনিটে মুখোমুখি হওয়ার মাধ্যমে ক্রিকেট বিশ্ব পাচ্ছে নতুন ফাইনালিষ্ট। ভাগ্য ভালো হলে তাদের কেউ শিরোপা জিততেও পারে। তা না হলেও নতুন রানার্সআপ হবেন, তা নিশ্চিত।
উল্লেখ্য যে, সাউথ আফ্রিকা ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি (উইলস ইন্টারন্যাশনাল কাপ) জিতে। বাংলাদেশের পূর্বের ৯টি টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে আয়োজিত সেই ট্রফিটি নক আউট পদ্ধতিতে আয়োজিত হয়েছিল। ঢাকায় উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিল আফ্রিকা। বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন জ্যাক কিলিস।
আফ্রিকাকে চোকার বলা হলেও আফ্রিকা আইসিসির শিরোপা জিতেছে একবার। তবে পরবর্তীতে প্রায় সব বিশ্বকাপেই ফেভারিট হয়ে এসে সর্বোচ্চ সেমি থেকে বিদায় নেওয়ার কারনেই চোকার হিসেবে ডাকা হয় তাদের।
এবার তাদের সামনে সুযোগ এসেছে কিছু করে দেখানোর। প্রথমবারের মতো আফগানিস্তানের সামনেও ইতিহাস গড়ার সুযোগ।
