নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ কিংবা ওয়ানডে বিশ্বকাপে এখনো শিরোপা না জিতলেও প্রত্যেকটি আসরেই শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড। ক্রিকেট আলোচক এবং সমর্থকরাও কিউইদের হিসেবে রাখে। টি২০ ও ওয়ানডে বিশ্বকাপ সহ একাধিকবার ফাইনাল খেলা কিউইরা এবারও বড় স্বপ্ন নিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে নামলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর এবার প্রথম রাউন্ড পার হওয়াই কঠিন হয়ে গেছে কিউইদের জন্য।
সি গ্রæপ থেকে দুই ম্যাচে দুইটি করে জয় নিয়ে শীর্ষে আছে আফগানিস্তান ও উইন্ডিজ। আফগানিস্তান তাদের পরবর্তী দুই ম্যাচে মুখোমুখি হবে উইন্ডিজ ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। পাপুয়াকে হারাতে পারলেই বিশাল রানরেটে এগিয়ে থাকা আফগানিস্তান সুপার এইটে চলে যাবে। উইন্ডিজও তাদের পরবর্তী দুই ম্যাচে অর্থাৎ আজ নিউজিল্যান্ড ও পরবর্তী ম্যাচে আফগানিস্তানের মধ্যে কোন এক দলকে হারাতে পারলেই প্লে অফে উঠে যেতে পারে।
আফগানিস্তানের সাথে পরাজয়ের ফলে নিউজিল্যান্ডের সামনে পরবর্তী তিন ম্যাচেই জিততে হবে রানরেটের হিসেব মিলিয়েই। আজ স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে জিতলে সম্ভাবনা টিকে থাকার বিপরীতে হারলে আজই বিদায় নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের। আজ জিতলেও পরবর্তী দুই ম্যাচে উগান্ডা ও পিএনজিকে হারাতে হবে বড় ব্যবধানে।
শিরোপা জেতার স্বপ্ন নিয়ে এসে প্রথম রাউন্ডেই কঠিন পরিস্থিতিতে পড়ে যাওয়া কিউইরা আজ উইন্ডিজ বাঁধা পেরুতে পারবে কিনা, তাই এখন দেখার বিষয়।
