অধিনায়কত্ব হারালেন জামাই, খেপলেন শশুর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মনে হয়েছিল, এ দলের সবকিছুই পাল্টে ফেলতে হবে! ব্যস, যেমন ভাবনা তেমন কাজ! বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হলো, বিদেশি কোচদের দিয়ে কিছু হচ্ছে না ভেবে সব বিদেশি কোচ বাদ দিয়ে দিল, দেশি কোচের দিকে ঝোঁকার পরিকল্পনা নিল পিসিবি।

কিন্তু এর মধ্যে পিসিবিরই নেতৃত্বে বদল এল, নতুন নেতৃত্ব এসে আবার অদলবদল করে ফেলল। বিদেশি কোচের খোঁজ চলছে, এর মধ্যে হাতের কাছে যা আছে সেই অধিনায়কত্বে আবার বদল এনে ফেলল। বিশ্বকাপের পর বাবর আজমের বদলে সাদা বলের ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি আর লাল বলে শান মাসুদকে অধিনায়ক করা হয়েছিল, নতুন বোর্ড এসে আজ আবার সাদা বলের ক্রিকেটে অধিনায়ক বদল দিল।

বদল বলতে আবার পুরোনো জায়গায় ফেরা আর কী! শাহিনকে বদলে আবার বাবরকে ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়ক করেছে পিসিবি। কিন্তু এতে খেপেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। অধিনায়কত্বে বদলের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তো এ বদল আনাটা ঠিক হবে না বলে নিজের মত জানিয়ে এসেছেন শহীদ আফ্রিদি, আজ বদলটা হয়ে যাওয়ার পরও নিজের অসন্তোষ জানাতে ভোলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অসন্তোষ জানিয়ে পোস্টে ‘শ্বশুর’ আফ্রিদি লিখেছেন, ‘নির্বাচক কমিটিতে অভিজ্ঞ অনেক ক্রিকেটার যে এমন সিদ্ধান্ত নিয়েছেন, এতে খুবই অবাক হয়েছি।’

এতদিন অধিনায়কত্বে বদল আনার বিপক্ষেই ছিলেন, আজ অধিনায়কত্বে বদল আসার পর শহীদ আফ্রিদি এক্স-এ তাঁর পোস্টে বোঝালেন, বদলটা ঠিক হয়নি। কী হলে ভালো হতো? আফ্রিদির পোস্টেই তা লেখা, ‘আমি এখনো বিশ্বাস করি, বদল আনাটা যদি খুব দরকারীই হয়ে থাকে, সে ক্ষেত্রে রিজওয়ান হতে পারত সেরা পছন্দ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »