নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারলো টাইগাররা। সিলেটে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরও ১৪৬ রানে অলআউট হয় টাইগাররা। রিফাত আনজুমের রিপোর্ট।
বাংলাদেশের সামনে সুযোগ ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ার। কিন্তু ব্যাটরেদের ব্যর্থতায় শেষটা রাঙাতে পারলো না শান্তর দল।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লঙ্কান পেসার নুয়ান থুসারার বোলিং তোপে মুহূর্তেই ৪ উইকেটে ১৫ রানে পরিণত হয় টাইগারদের ইনিংস। থুসারার হ্যাটট্রিকে একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত, তাওহীদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
এরপর অল্প রানের ব্যবধানে ফিরে যান সৌম্য এবং জাকের আলীও। অন্যপ্রান্তের ব্যাটাররা যাওয়া আসার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে চমৎকার এক ফিফটি তুলে নেন রিশাদ। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। ব্যক্তিগত ৫৩ রান করে আউট হন তিনি। এছাড়া তাসকিনের ২১ বলে ৩১ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে থুসারা ৫ টি এবং হাসারাঙ্গা নেন ২ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ৮৬ এবং শেষদিকে শানাকার ঝড়ো ১৯ রানে ভর করে ৭ উইকেটে ১৭৪ রানের ভালো সংগ্রহ পায় লঙ্কানরা। বাংলাদেশের রিশাদ এবং তাসকিন তুলে নেন দুটি করে উইকেট।
নিউজক্রিকেট২৪/আরএ
