বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার যুবারা

নিউজ ডেস্ক »

শিরোপা পুনরুদ্ধারে মরিয়া বাংলাদেশ মাঠে নামছে আজ। যেকোনো মূল্যে বুকের বাঁ পাশে আরো একটা ‘তারকা’ যোগ করার লক্ষ্য জুনিয়র টাইগারদের। সেই স্বপ্ন পূরণে আজ ভারতের মুখোমুখি হচ্ছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে জুনিয়র টাইগারদের।

আকবর আলির বাংলাদেশ যেখানে শেষ করেছিল ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, সেখান থেকেই শুরু মাহফুজুর রাব্বিদের। সেবারের স্বাগতিক দক্ষিণ আফ্রিকাতেই বসেছে এবারের আসর। আবার ফাইনালের প্রতিপক্ষ ভারতের সাথে এবার দেখা হচ্ছে প্রথম ম্যাচেই।

ভারত বধের গল্প লিখেই বিশ্বকাপ শুরু করতে চায় মাহফুজুর রাব্বির বাংলাদেশ। শনিবার বেলা ২টায় সেই লক্ষ্যেই মাঠে নামবে জুনিয়র টাইগাররা। খেলা হবে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে।

ভারতের বিপক্ষে বরাবরই বেশ কঠিন পরীক্ষা দিতে হয় টাইগারদের। ব্যতিক্রম হবে না আজও। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। এমনকি সর্বোচ্চ পাঁচ শিরোপাও তাদের। এই আসরেও এসেছে শিরোপা ধরে রাখতে। শক্তিশালী দল নিয়ে অন্যতম ফেভারিটও তারা।

তবে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে মেন ইন ব্লুদের বিপক্ষে সবশেষ ম্যাচ। দুবাইয়ে এশিয়া কাপ জয়ের আগে সেমিফাইনালে এই ভারতকেই হারিয়েছিল দল। একপেশে সে ম্যাচে তিন বিভাগেই ছড়ি ঘুরেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

ভিন্ন কণ্ডিশন আর বিশ্বকাপের মঞ্চ হওয়ায় লড়াইটা বেশ উপভোগ্য হয়ে উঠতে পারে। ‘এ’ গ্রুপের অপর দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এবারের আসর হবার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আইসিসির নিষেধাজ্ঞায় তা আয়োজনের দায়িত্ব পড়ে দক্ষিণ আফ্রিকার উপর। তাই বাংলাদেশ দলের সামনে সুযোগ ইতিহাসের পুনরাবৃত্তি করার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »