নিউজ ডেস্ক »
ক্লাব ফুটবলে বার্সা রিয়াল মুখোমুখি হলে উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ। এবারের বিপিএলে যেন বরিশাল রংপুরের লড়াই দেখতে ভক্ত সমর্থকের আগ্রহ ঠিক তেমন। আজ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বরিশাল ও রংপুর।
এবারের বিপিএলের দুই বড় দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল, দুই দলেই তারকার মেলা থাকায় উত্তেজনা রয়েছে প্রচুর। তবে সেই উত্তেজনা আরো বেশি বেড়ে গেছে দুই দলে সাকিব তামিম থাকায়। সাকিব তামিমের রংপুর আর বরিশালের মাঠের লড়াই দেখতে যেন মুখিয়ে আছে সবাই।
রংপুর রাইডার্স টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, বাংলাদেশের পোস্টার বয় সাকিবের পাশাপাশি অধিনায়ক সোহান, রনি তালুকদার, শামীম , হাসান মাহমুদ সহ একাধিক বিদেশি তারকা নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। তারকার লড়াইয়ে বরিশাল ও যেন নেমেছিলো সবাইকে টক্কর দিতে। অধিনায়ক তামিম ছাড়াও রয়েছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার, অভিজ্ঞ মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, সৌম্যর সাথে আছে ঘরোয়া লীগের একাধিক নিয়মিত পারফর্মার।বিদেশি কালেকশনেও বরিশাল দেখিয়েছে একাধিক চমক। সব মিলিয়ে আজকের দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
আজ দুপুর ১:৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে রংপুর বরিশালের লড়াই। এর আগে বিপিএলে রংপুর একবার শিরোপার দেখা পেলেও বেশ কয়েকবার ফাইনালে গিয়েও শিরোপা ছুঁতে পারেনি বরিশাল।
আজকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬:৩০ মিনিটে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়ে বিপিএল শুরু করেছে চট্রগ্রাম।
