বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখবে ৪০ হাজার ভারতীয় নারী

নিউজ ডেস্ক »

আজ শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। নিয়ম অনুযায়ী ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে উদ্বোধনী ম্যাচ। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের এমন মহারণ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন ৩০-৪০ হাজার ভারতীয় নারী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমনটাই জানিয়েছে তাদের এক রিপোর্টে।

আয়োজক দেশ হলেও প্রথম দিনে মাঠে নামছে না ভারত। উদ্বোধনী ম্যাচে ভারত না থাকায় গ্যালারী ফাঁকা থাকার একটি সম্ভবনা রয়েছে। আর যেহেতু স্টেডিয়ামের আসন সংখ্যা বেশি তাই গ্যালারী ফাঁকা থাকবে এমনটা ধারণা গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের। উদ্বোধনী ম্যাচে ফাঁকা মাঠে খেলা হলে ভারতের জন্য এটা নেতিবাচক। মূলত এমন ধারণা থেকেই নারীদের বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দেয়া হয়েছে।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ভিন্ন কথা। তাদের খবরে বলা হয়েছে, গতমাসে মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাশ হয়েছে। যার ফলে ওপরমহল থেকে বিশ্বকাপের ফ্রি টিকিট এসেছে আহমেদবাদের বিভিন্ন অঞ্চলের স্থানীয় নেতাদের হাতে।আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলের নেতা বিজেপির সহসভাপতি ললিত ভাধাওয়ানের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেখানে দেখা যাচ্ছে তিনি নারীদের হাতে টিকিট তুলে দিতে। মাঠে আসা নারীরা খেলা দেখার পাশাপাশি তাদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থাও।

ভারতীয় একটি গণমাধ্যমকে ভাধাওয়ান বলেন, “আহমেদাবাদের ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) স্টেডিয়ামে খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবক দল নাম সংগ্রহ করে টিকিট হাতে তুলে দিয়েছে। যেহেতু মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে, আর টিকিটও এসেছে ওপরমহল থেকে। নারীরা নিজেদের উদ্যোগেই স্টেডিয়ামে যাবেন এবং তাঁদের চা ও খাবারের কুপন দেওয়া হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »