অনেক প্রশ্নের উত্তর মিলবে এই সিরিজে!

দুর্জয় দাশ গুপ্ত »

বিশ্বকাপের বাকি কেবল দিন কয়েক। ফুটবলের মত এখন ক্রিকেটেও শুরু হয়েছে বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলার। তবে অফিসিয়ালি এগুলোকে প্রস্তুতি ম্যাচ না বলে বলা হয় দ্বিপাক্ষীয় সিরিজ। বিশ্বকাপে অংশ নেবে এমন প্রায় সবকটা দেশই এখন দ্বিপাক্ষীয় সিরিজ খেলে নিজেদের শেষ প্রস্তুতি সারছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশও আজ নামছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের অনেক স্বপ্ন যেমন আছে তেমনি আছে এক একজন ক্রিকেটারকে নিয়ে ভালোলাগা, ভালোবাসা। গেল এশিয়া কাপে ছিলেন না তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের এশিয়া কাপ মিশনটা ভালো হয়নি। অভিজ্ঞ ক্রিকেটার না থাকার পাশাপাশি দলে ছিলো কয়েকটা ইনজুরি সমস্যাও। তবে সব ছাপিয়ে চোখে পড়েছে একের পর এক ম্যাচে বাংলাদেশী ব্যাটারদের ব্যর্থতার গল্পগুলো।

এশিয়া কাপে ব্যর্থ হওয়া আফিফ, নাঈম আর শামীম বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে। এত এত আলোচনা আর সমালোচনা যাকে ঘিরে সে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন দলে। বিশ্বকাপে রিয়াদ থাকছেন কিনা সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে এই সিরিজ দিয়েই। অবসর আর ইনজুরি ইস্যুতে দলের বাইরে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তামিমকে ছাড়া যে বাংলাদেশের ওপেনিং স্লটটা কতটা নড়বড়ে সেটার প্রমাণ মিলেছে সবশেষ এশিয়া কাপেও। মেইক শিফট ওপেনার হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ট্রাই করেছে টিম ম্যানেজমেন্ট।

রিয়াদের বিশ্বকাপ দলে থাকা, না-থাকা, তামিম ইকবালের দলে ফেরা, লিটন দাসের অফফর্ম সকল প্রশ্নের উত্তর খোঁজতেই আপনাকে চোখ রাখতে হবে টিভি স্ক্রিনে। জ্বর কাটিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দলে যোগ দিলেও ব্যাট হাতে লিটন ছিলেন একেবারেই ব্যর্থ। এই সিরিজে সে লিটনই হয়েছেন বাংলার অধিনায়ক। বিশ্বকাপের আগে ঘরের মাঠে লিটন তার স্বরূপে ফিরতে পারেন কিনা সে প্রশ্নটার উত্তরও মিলবে।

আলোচিত সাত নম্বর পজিশনে কে হবেন বাংলার ত্রাণকর্তা সেটা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহানদের দিকে। এই দুজন ক্রিকেটারের জন্য এই সিরিজটা যে মহাগুরুত্বপূর্ণ।

হেড কোচ ছুটিতে, নিয়মিত অধিনায়ক বিশ্রামে থাকলেও টিম ম্যানেজমেন্টের মন জয় করতে পারেন কিনা লিটন, রিয়াদ, সোহানরা সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »