নিউজ ডেস্ক »
মাঠে যেমনই থাকেন না কেন মাঠের বাইরের কোহলি একদমই ভিন্ন। মাঠের বাইরে তিনি এতটাই বিনয়ী যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সেরা ব্যাটার মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক। বাবর আজমকে তিনি দিয়েছেন “বিশ্বসেরা ব্যাটার” এর স্বীকৃতি।
ভারত আর পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়। আসন্ন ভারত বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়েও হয়েছে অনেক নাটক। তবে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ববোধের নিদর্শনই যেন বেশি দৃশ্যমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। বাবরকে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ ব্যাটার হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সে (বাবর) সম্ভবত বিভিন্ন ফরম্যাটে বিশ্বের শীর্ষ ব্যাটার।’
কোহলি আরও বলেন, ‘তার (বাবর) সাথে আমার কথাবার্তা হয় ২০১৯ বিশ্বকাপের সময়, ম্যানচেস্টারে খেলা শেষে। আমি ইমাদ’কে (ওয়াসিম) চিনতাম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে। সে বলেছিল বাবর আমার সাথে কথা বলতে চায়। আমরা বসলাম এবং খেলা নিয়ে আলাপ করলাম। আমি প্রথম দিন থেকেই তার মধ্যে অনেক সম্মান ও শ্রদ্ধা দেখেছি। এবং সেটা বদলায়নি।’
