লাবুশেনের সেঞ্চুরিতে লড়াই করছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে অজি পেসার জস হ্যাজেলউডকে জিজ্ঞাসা করা হয়েছিলো তাঁর দল বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিনা, হ্যাজেলউড বলেছিলেন, ‘বৃষ্টি হলে অবশ্যই খুব খুশি হবো। কিছু ওভার যদি বৃষ্টির কারণে নষ্ট হয় তাহলে ভালোই হবে। আমাদের কঠিন কাজটা সহজ হবে।’

হ্যাজেলউডের এমন কথা বলার পর ম্যানচেস্টারের আবহাওয়া অজিদের পক্ষেই ছিলো। চতুর্থ দিনের বেশিরভাগ সময়ই বৃষ্টি থাকায় এখনো লড়াইয়ে ঠিক আছে প্যাট ক্যামিন্সের দল। প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ধারণা করা হচ্ছিলো দ্বিতীয় সেশনে পুরোপুরি খেলা হবে। কিন্তু বৃষ্টির কারণে বল মাঠে গড়ায় স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায়।

তৃতীয় দিনের ৪ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২১৪ রান তুলেছে। যদিও ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৬১ রানে পিছিয়ে আছে অজিরা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া হয়ে ব্যাট হাতে একা লড়েছেন মার্নাস লাবুশেন। এবারের অ্যাশেজে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া লাবুশেন ১৭৩ বলে ১১১ রান করে আউট হয়েছেন। কিন্তু লাবুশেনের এমন লড়াকু ইনিংসের পরে ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিন পর্যন্ত ড্রয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া।

আবহাওয়ার পূর্বাভাস বলছে পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। যদি আজও ম্যানচেস্টারের আকাশে মেঘের যাওয়া আসার খেলা দেখা যায় তাহলে হয়তো কপাল পুড়তে পারে ইংলিশদের। কারণ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। অজিদের হয়ে এখনো ক্রিজে আছেন অলরাউন্ডার মিশেল মার্শ এবং ক্যামেরুন গ্রীন। পঞ্চম দিন এ দুজনের ব্যাটেই তাকিয়ে থাকতে হবে স্টার্ক – ওয়ার্নারদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »