নিউজ ডেস্ক »
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা গিয়েছিলো অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ক্যারিবীয় দানব। তবে এবার জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি লীগও বাদ দিতে প্রস্তুত রাসেল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি জাতীয় দলের সামনের সিরিজগুলোতে তাকে বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেননি পুরান, হোল্ডাররা। এবার ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেও নিতে হয়েছে বিদায়। নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের মত দলের বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার যোগ্যতা হারায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন দুর্দশার বড় কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর উত্থানকে দায়ী করা হয়। বিশেষ করে রাসেল, সুনীল নারাইনদের মতো ক্রিকেটাররা প্রায়ই জাতীয় দলের আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বেছে নিতে দেখা যায়। কে কখন কোন লিগে খেলছেন, তার ভিত্তিতে জাতীয় দল গঠন করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ক্যারিবীয় দ্বীপগুলোকে নিয়ে গঠিত উইন্ডিজ ক্রিকেট বোর্ডের জন্য।
এসব কারণেই সবশেষ বিশ্বকাপে রাসেল ও নারাইনকে বিবেচনায় রাখা হয়নি। তবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও জাতীয় দলের হয়ে কিছু করার ক্ষুধা জন্মেছে। রাসেল জানান, এই বিশ্বকাপ খেলার জন্য প্রয়োজনে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না বলবেন। গণমাধ্যমকে রাসেল বলেন, ‘পরের বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না করে দেবো। আমাকে বিবেচনায় রাখা হলে আমার জন্য অনেক ভালো কিছু হবে।’
তবে রাসেলের সাথে এখনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোন আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি রাসেল কখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু আন্দ্রে রাসেলের মত একজন প্রতিভাবান অলরাউন্ডার আবারো দলে ফিরতে চাইছেন তখন উইন্ডিজ বোর্ড অবশ্যই তার প্রস্তাবটা বিবেচনায় আনবে বলে ভক্তদের ধারণা।
