ক্রীড়া প্রতিবেদক »
ক্রীড়া প্রতিবেদক
ভারত নারী দলের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। আর এতেই হোয়াইটওয়াশ এড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে আবারও ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০২ রারে পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ২০ রানের মধ্যে দুই ওপেনার স্মৃতি মান্ধানা (১) ও শেফালি বার্মার (১১) উইকেট তুলে নেন সুলতানা খাতুন। জেমিমা রদ্রিগুয়েজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেন। জেমিমা ২৮ ও হরমনপ্রীত ৪০ রান করে আউট হলে ১৬ ওভারে ৯১ রানে ৪ উইকেট হারায় ভারত।
এরপরই টাইগ্রেস বোলাররা ভারতীয় ব্যাটারদের দারুণভাবে চেপে ধরেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০২ রানে থেমে যায় ভারতের ইনিংস। শেষ চার ওভারে ভারতের ১২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। টাইগ্রেস বোলার রাবেয়া খান ৩টি, সুলতানা খাতুন ২টি এবং নাহিদা, ফাহিমা ও স্বর্ণা ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে সাথী রানি ১০ ও দিলারা আক্তার ১ রান প্যাভিলিয়নে ফিরে যান। শামীমা সুলতানা ও নিাগার সুলতানা জ্যোতি তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রানের জুটি গড়ে দলের জয়ের কাজটা সহজ করে দেন। জ্যোতি ১৪ রান করে আউট হন।
এরপর স্বর্ণা ২, সুলতানা ৭ ও সর্বোচ্চ রান করা শামীমা ৪২ রান করে আউট হলে ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে রিতু মনি ও নাহিদা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৮.২ ওভারে ৬ উইকেটে ১০৩ রান তুলে জয় নিশ্চিত করেন। রিতু ৭ ও নাহিদা ১০ রানে অপরাজিত থাকেন।
নিউজক্রিকেট২৪/আরএ
