শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম দুই ম্যাচ ভেসে যাওয়ার পর (৪ মে) পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডে মাঠে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দল। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৫৮ রানের বড় ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। ম্যাচটি জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কান মেয়েরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সূচি অনুযায়ী তৃতীয় তথা শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু দুই দলের সমঝোতার ভিত্তিতে বাতিল হওয়া দ্বিতীয় ওয়ানডে গতকাল আয়োজন করা হয়। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম‌্যাচ কমে ৩০ ওভারে চলে আসে। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব‌্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী দল। বড় লক্ষ্যে খেলতে নেমে ১২৮ রানে থেমে যান বাংলাদেশের নারীরা।

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে ৬০ বলে ৬৪ রান করেন তিনি। তিনে নামা হারশিথা সামারাবিক্রমা করেন ৪৮ বলে ৪৫ রান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।

জবাব দিতে নেমে টপঅর্ডার তিন ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেনি। মুর্শিদা খাতুন ১৬, শামীমা সুলতানা ৫, সোবহানা মুস্তারি ফেরেন মাত্র ১১ রানে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর ফারজানাও ৪৬ বলে ২৪ করে বিদায় নেন। ৫১ বলে ৩৭ করে আউট জ্যোতিও। শেষ দিকে কোনো ব্যাটারই তেমন কিছু করতে পারেননি। এতে ৫৮ রানের বিশাল ব্যবধানের হারের দেখা পায় বাংলার মেয়েরা।

শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ৩৪ রানে ৫ উইকেট শিকার করছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »