এশিয়া কাপ পাকিস্তানে, ভারত খেলবে অন্য দেশে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে। তবে ভারত তৃতীয় কোনো দেশের মাটিতে খেলবে এমনটাই জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

এর আগেই ভারত জানিয়ে দিয়েছিলো, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ২০১৩ এরপর থেকে ভারত বা পাকিস্তানে দুই দেশের ক্রিকেট ম্যাচ হয়নি। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদের প্রশ্ন, জঙ্গিদের সাহায্য করার অভিযোগের প্রভাব পড়েছে খেলার মাঠে। তবে অন্য দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচ খেলেছে দুই দেশ। এই পরিস্থিতিতে এশিয়া কাপ পাকিস্তানে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, এশিয়া কাপ পাকিস্তানে হতে পারে। তবে ভারত তার সব ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচও আছে। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও পাকিস্তানে হবে না, ওই তৃতীয় দেশেই হবে।

প্রতিবেদন আরও বলা হয়েছে, আমিরাত, ওমান, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে ভারতের ম্যাচ হতে পারে।

অন্যদিকে, ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগেই এশিয়া কাপ হবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। ৫০ ওভারের এশিয়া কাপে মোট ছয়টি দেশ অংশ নেয়।

অন্যদিকে, পাকিস্তানও হুমকি দিয়েছিল, তাদের দেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে যাবে না তারা।

গত অক্টোবরে বিসিসিআইয়ের সম্পাদক জয় শাহ বলেছিলেন, ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। কিন্তু তৃতীয় কোনো দেশে গিয়ে তাদের খেলতে আপত্তি নেই।

এখন ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড দ্রুত এই বিষয়ে সমঝোতায় আসতে চাইছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »