স্টাফ রিপোর্টার »
জাতীয় দলের বর্তমান দুই অধিনায়ক ও দলের অন্যতম দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের একে অপরের প্রতি রেষারেষি কিছুতেই সমাধান হচ্ছে না। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে চেষ্টা করেও এর সমাধান করতে পারেন নি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
সাকিব-তামিমের মত দুই সিনিয়র ক্রিকেটারের বৈরী সম্পর্কের কারণে জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর নয়। যা দলের উপর যথেষ্ট প্রভাব ফেলছে বলে মনে করেন বিসিবি প্রধান।
আর তাই ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়ে আনতে খোদ নিজে চেষ্টা চালিয়ে ব্যার্থ বিসিবি প্রধান। আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে পাপন জানান, ‘ এটা কোন স্বাস্থ্যকর ড্রেসিংরুম না। এমন নয় আমি সাকিব – তামিমের বিষয়টি সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি৷ এবং বুঝতে পেরেছি এটা সমাধান করা এই মুহুর্তে সহজ নয়।’
আর এই কারণে দলের ভেতর বিভিন্ন গ্রুপের সৃষ্টি হচ্ছে যা দলের জন্য অমঙ্গলকর। আর এই গ্রুপিংই দলের সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে মনে করছেন পাপন।
জাতীয় দলে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই বলে জানান পাপন। তিনি বলেন, ‘এই গ্রুপিংয়ি এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। ইদানিং কালে এসব শুনছি। ভবিষ্যতে ভালো করতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। সবাইকে বুঝতে হবে দলে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই। ‘
