নারী আইপিএল: কোটিপতির ক্লাবে জায়গা পেয়েছেন ২০ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সোমবার মুম্বাইয়ে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ মেগা নিলামে কোটিপতি ক্লাবে জায়গা পেয়েছেন ২০ জন ক্রিকেটার। যেখানে এদের মধ্যে ১০ জন ভারতীয় এবং ১০ জন বিদেশি।

এবারের নারীদের আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। এছাড়া ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও কোটিপতির ক্লাবে রয়েছেন।

নিলামে সবার প্রথমে নাম ওঠে স্মৃতির। বেশ কয়েকটি দল তাকে নিয়ে লড়াই শুরু করে। অবশেষে স্মৃতিকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন কোটি ৪০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে তারা।

ভারতীয়দের মধ্যে কোটিপতি হয়েছেন হরমনপ্রীত, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, শেফালি বর্মা, পূজা বস্ত্রকর, রিচা ঘোষ, রেণুকা সিংহ ঠাকুর, যস্তিকা ভাটিয়া এবং দেবিকা দাহিয়া। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোটিপতি হয়েছেন অ্যাশলে গার্ডনার, ন্যাট শিভার, বেথ মুনি, সোফি এক্লেস্টোন, এলিস পেরি, মারিজেন ক্যাপ, তাহলিয়া ম্যাকগ্রাথ, মেগ ল্যানিং, শবনিম ইসমাইল এবং অ্যামেলিয়া কের।

অন্যদিকে, নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার। মেগা নিলামে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই।

এবারের নিলামে নাম ছিল ৯ বাংলাদেশি ক্রিকেটারের। ভিন্ন সব ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সব নারী ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »