চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল শুরু সিলেটের

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু সিলেট স্ট্রাইকার্সের। চট্টগ্রামকে ৮ উইকেট আর ৪৫ বল হাতে রেখে বিশাল ব্যবধান হারিয়েছে সিলেট।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে শুভাগত হোমের চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় পায় মাশরাফির সিলেট।

চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া মাত্র ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল সিলেট। তবে ইনিংসের তৃতীয় ওভারেই কলিন অ্যাকারম্যানের উইকেট হারিয়ে চাপে পড়লেও সামাল দেন শান্ত ও জাকির। তাদের দায়িত্বশীল ব্যাটে চ্যালেঞ্জার্সের বিপক্ষে তৃতীয় উইকেটে গড়ে উঠে ৬৩ রানের জুটি। যার ফলে ৪৫ বল হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির সিলেট।

নিজেদের অভিষেক জয়ের দিনে ব্যাটার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন। তিন চার আর এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া জাকির হাসান করেন ২৭ রান। তার ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা। অপরাজিত থাকা মুশফিকুর রহিম ৮ বল খেলে করেন ৬ রান। ছিল একটি চারের মার।

চট্টগ্রামের হয়ে উইকেট দুটি শিকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মালিন্দা পুষ্পাকুমারা। সিলেট স্ট্রাইকার্স পেসার রেজাউর রাজা  চ্যালেঞ্জার্স ব্যাটারদের গুড়িয়ে দিয়েছেন। এতেই ম্যাচসেরা হয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »