নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উপর দিয়ে রীতিমতো ঘূর্ণিঝড় বইয়ে দিলেন দুই ভারতীয় ব্যাটার ইশান কিশান ও বিরাট কোহলী। ইশান কিশানের ডাবল সেঞ্চুরি ও কোহলির সেঞ্চুরির উপর ভর করে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৪০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশী অধিনায়ক লিটন কুমার দাস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারায় ভারত।
শেখর ধাওয়ান আউট হওয়া অব্দি ম্যাচে ছিল বাংলাদেশ৷ ধাওয়ানের বিদায়ের পরের গল্পটা শুধুমাত্র কিশান-কোহলির। ব্যাট হাতে বাংলাদেশী বোলারদের কচুকাটা করে গিয়েছেন দু’জন সমান তালে। ৩য় উইকেট জুটিতে কিশান-কোহলি গড়েন রেকর্ড ২৯০ রানের জুটি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম তিন অঙ্কের ঘরে পা রাখার দিনে, ওপেনার ইশান কিশান সরাসরি হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৩১ বলে ২৪ চার ও ১০ ছয়ে ২১০ রানের বিস্পোরক ইনিংস খেলেছেন কিশান। একই দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ বিরাট কোহলীও। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি হাঁকানোর দিনে ১১৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে।
এছাড়াও শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ৩৭ ও অক্ষর প্যাটেলের ২০ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
