নতুন দুঃসংবাদ পেতে যাচ্ছেন জেসন রয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি ওপেনার জেসন রয়ের। এবার নতুন দুঃসংবাদ পেতে যাচ্ছেন এই ইংলিশ ওপেনার। দলে তার প্রয়োজনীয়তা দেখছে না ম্যানেজমেন্ট। ফলে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে হচ্ছে এই ব্যাটারকে।

ইংলিশ বোর্ড এখনো কিছু জানালেও ইংল্যান্ডের বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, চুক্তি থেকে বাদ দেয়া হচ্ছে রয়কে। তবে তাকে ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হতে পারে মনে করেন ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি।

এ প্রসঙ্গে রব কি বলেন, ‘তার ফর্ম খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার এবং আমি নিশ্চিত যে টি-টোয়েন্টি ক্রিকেটে সে অনেক সুযোগ পাবে যা তাকে ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।’

টি-টোয়েন্টি দলের অংশ না হলেও রয়কে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন কি। তার বিশ্বাস দ্রুতই নিজের ফর্ম খুঁজে পাবেন রয়। এ ব্যাপারে অনেকটা ভরসাও দিচ্ছেন ইসিবির এই কর্মকর্তা।

কি বলেন, ‘আমার যুক্তি হবে ৫০ ওভারের ফরম্যাটটি তার জন্য সবচেয়ে মানানসই ফরম্যাট এবং আমরা এখনও তাকে আমাদের দলের অংশ হিসেবেই দেখি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »