নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে নানান সময় প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ছাড় দিতে রাজি নয়। আরেকবার সেটা দেখিয়ে দিলো তারা। ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছেব শিমরান হেটমায়ার।।
একবার নয়, পরপর দু’বার ফ্লাইট মিস করেন এই ব্যাটার। তাতেই তার উপর নাখোশ হয় বোর্ড। বাদ দিয়ে দেয় দল থেকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন শামারহ ব্রুকস।
কয়েকদিন আগে হেটমায়ারের প্রথম ফ্লাইট ছিলো। সে ফ্লাইটে অবশ্য উড়াল দেননি এ ক্রিকেটার। পরের ফ্লাইটের তারিখ নির্ধারণ করা হয় ৩ অক্টোবর। তাও ঠিকঠাক মেলাতে পারছিলেন না হেটমায়ার।
পারিবারিক কারণ দেখিয়ে ফ্লাইট পিছিয়ে দিতে বলেন হেটমায়ার। তাতেই নাখোশ হয়ে ওঠে বোর্ড। আর কোনো ছাড়টাড় না দিয়ে বিশ্বকাপের দল থেকেই কেটে দেয় হেটমায়ারের নাম।
বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘শিমরন হেটমায়ার অস্ট্রেলিয়ায় তার পুনঃনির্ধারিত ফ্লাইট মিস করার পরে, সিডব্লিউআই নির্বাচন প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। ওর অনুরোধেই পারিবারিক কারণে ফ্লাইটের সূচি শনিবার থেকে পরিবর্তন করে ১ অক্টোবর করা হয়েছিল।’
‘আজ বিকেলে আমরা সিডব্লিইআই বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়েছি যে, নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিমরন হেটমায়ারের পরিবর্তে শামরাহ ব্রুকসকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শেলডন কটরেল, শামারহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার এবং ওডেন স্মিথ।
