যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নেবেন বাংলাদেশের প্রিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট খেলাটা কোনোকালেই যুক্তরাষ্ট্রের কালচারে ছিলো না। ধীরে ধীরে এই খেলাটার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে তারা। তখন থেকেই ক্রিকেট নিয়ে এগোনোর পরিকল্পনা মাথায় রেখে নিজেদের গোছাচ্ছে দেশটি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে যুক্তরাষ্ট্র যৌথ স্বাগতিক মর্যাদা পেয়েছে। এই খবরটা দেশটির ক্রিকেটের জন্য আশার আলো বয়ে এনেছে। যার উপর ভিত্তি করে সেদেশের ক্রিকেট পূণর্গঠিত হচ্ছে।।

আর এই কাজে তারা নিয়োগ করেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্সকে। প্রিন্সকে তাদের বোর্ডের ক্রিকেট কমিটিতে মনোনীত করেছে দেশটি। এর আগে ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কমিটিতে কাজ করেছে সাবেক এই ফাস্ট বোলার।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ২০১৭ সাল থেকে টেক্সাসের হিউস্টনে ক্রিকেট কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিন্স। এরপর নর্থওয়েস্ট ক্রিকেট ক্লাবের হেড কোচ হিসেবে তার নামডাক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডে নতুন কমিটি এসে খোঁজ নিয়ে জেনেছেন ক্রিকেটার তৈরির কারিগর প্রিন্সের যাবতীয় তথ্য। তাতেই মুগ্ধ হয়ে ৪ সদস্যের ক্রিকেট কমিটিতে বাংলাদেশের এই পেসারকে রেখেছে তারা। তাদের বিশ্বাস প্রিন্স বদলে দেবেন সে দেশের ক্রিকেটকে এগোতে সহায়তা করবেন।

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী কমিটির কাজ হলো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, আইসিসি এবং সদস্য দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন ও ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নিতে উন্মুখ হয়ে আছেন সাবেক এই পেসার। ফোনে নিউজক্রিকেট২৪.ক-কে প্রিন্স বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ইউএসএ ক্রিকেট। ক্রিকেট কমিটির একজন সদস্য হিসেবে সেই পরিকল্পনার একটা অংশ হওয়ার সুযোগ পাচ্ছি।’

‘একজন বাংলাদেশী হিসেবে এটা অনেক বড় গর্বের খবর। আমাকে যুক্তরাষ্ট্রের ক্রিকেট কমিটিতে রেখে তারা যে সম্মান দেখিয়েছে তার প্রতিদান দিতে আমি আমার মেধা দিয়ে সর্বোচ্চ উপকারে আসতে চাই।’ – তিনি যোগ করেন।

আর্থিক দিক দিয়েও মোটা অংকের বাজেট নিয়ে ক্রিকেটে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটের জন্য ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। যা বেশ বিস্ময়কর!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »