পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেড়েছে পারিশ্রমিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হওয়ার পর ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিয়েছিলেন। বলছিলেন যে, পারিশ্রমিক সহ সকল ধরনের বাড়তি সুবিধা পাবেন ঘরোয়া ক্রিকেটাররা। অবশেষে সেটা বাস্তবায়ন হলো। পারিশ্রমিক বেড়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে।

ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ মৌসুমে আগের যেকোনোবারের চেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ঘরোয়া ক্রিকেটাররা। শীর্ষ ক্যাটাগরিতে থাকা ১৫ জন ক্রিকেটার এক বছরে সর্বোচ্চ ৬১ লাখ রুপি পর্যন্ত আয় করতে পারবেন।

পিসিবির নতুন আর্থিক মডেলে বাকি ক্যাটাগরিতেও বেড়েছে পারিশ্রমিক। ডি ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের সর্বোচ্চ আয় হতে পারে ৪৩ লাখ রুপি। পিসিবির নতুন আর্থিক মডেলে এ পারিশ্রমিক কাঠামো অনুমোদন পেয়েছে।

কাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতি ম্যাচের জন্য ফি থাকবে ১ লাখ রুপি, আগে ছিলো ৬০ হাজার। এছাড়া ঘরোয়া লিস্ট ‘এ’ ও কুড়ি ওভারের ম্যাচ ফি ৬০ হাজার রুপি করা হয়েছে। একাদশে না থাকা খেলোয়াড়রাও যথাক্রমে ৪০ হাজার ও ২০ হাজার রূপি করে পাবেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এই পাঁচ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হতে পারেন ১৯২ জন। এর মধ্যে এ+ ক্যাটাগরিতে ১৫ জন, এ ক্যাটাগরিতে ৩৫ জন, বি ক্যাটাগরিতে ৪৮ জন, সি ক্যাটাগরিতে ৭০ জন ও ডি ক্যাটাগরিতে রাখা হতে পারে ২৪ জন খেলোয়াড়।

ক্যাটাগরিগুলোর প্লেয়ারদের মাসিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩ লাখ রুপি, ২ লাখ রুপি, ১ লাখ ৮৫ হাজার রুপি, ১ লাখ ৭০ হাজার রুপি ও দেড় লাখ রুপি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »