নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উপাধী ‘হিটম্যান’। কেন এই উপাধী, সেটা আরও আগেই বুঝিয়ে দিয়েছিলেন রোহিত। এবার আরেকবার বুঝালেন ভিন্ন এক বিশ্বরেকর্ড গড়ে।
টি-টোয়েন্টি ছক্কার খেলা। আর এই ফরম্যাটেই সর্বোচ্চ ছক্কার সিংহাসনে বসলেন ভারতীয় ব্যাটার। আগে যৌথভাবে তার সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। এবার গাপটিলকেও ছাড়ালেন তিনি।
শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনে একাই বসলেন রোহিত শর্মা। এখন এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার মালিক ভারতীয় অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে আসা মোট ছক্কা এখন ১৭৬টি। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১২৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে।
বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা গতকালের ম্যাচে রোহিত ২০ বলে করেন ৪৬ রান, যে ইনিংসে সমান ৪টি করে চার-ছক্কা হাঁকান ‘হিটম্যান’খ্যাত এই ওপেনার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩,৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। মোট রানের মধ্যে ১,০৫৬ এসেছে ছক্কা মেরে। অর্থাৎ রোহিতের রানের ২৮.৭১ শতাংশই এসেছে ছক্কা থেকে।
