নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই ম্যাচ জিতলেই সিরিজটা নিজেদের করে নিতে পারতো অস্ট্রেলিয়া। তবে নিজেদের মাটিতে সেটা হতে দিবে কেন ভারত? হাড্ডাহাড্ডি লড়াই শেষে সিরিজে সমতা ফিরিয়েছে রোহিতবাহিনী। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে তারা।
নাগপুরে জয়ের জন্য ৯১ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে রোহিতের দল। তবে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে তৃতীয় ওভারে ভারত নিজেদের প্রথম উইকেট হারায়।
অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৬ বলে ১০ রান করা লোকেশ রাহুল। রোহিত দ্রুত রান তুললেও উইকেট খুইয়ে বসেন বিরাট কোহলিও। জাম্পার বলে আউট হওয়ার আগে করেন ৬ বলে ১১ রান।
ভেঁজা পিচে ভারতকে নাচিয়ে ছেড়েছেন জাম্পা। সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে শূন্য রানে সাজঘরে ফেরান এই লেগস্পিনার। পাঁচে নামা হার্দিক পান্ডিয়া আউট হয়েছেন ৯ বলে ৯ রান করে।
শেষ ওভারে ভারতের দরকার পড়ে ৯ রান। ড্যানিয়েল সামসের প্রথম দুই বলে একটি ছক্কা ও চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক। রোহিত অপাজিত ছিলেন ২০ বলে ৪৬ রান করে।
এর আগে মাঠ ভেজা থাকায় প্রায় আড়াই ঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। ৮ ওভারের খেলায় ওয়েড ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ৫ উইকেটে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। ১ ছক্কা ও ৪ চারে ১৫ বলে ৩১ রান করে ফিঞ্চ।
শেষ দিকে ঝড় তোলা ওয়েড ৩ ছক্কা ও ৪ চারে ২০ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে দুটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।
