নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন তার স্ত্রী। তাতে আগাম জামিন পেলেও এবার ঢাকার আদালতে নতুন করে মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর আদালতে মামলাটি করেন তিনি। ইসরাত নিজেই মামলার বিষয়টি জানিয়েছেন। নতুন এই মামলার ফলে আল-আমিনকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বেশ কিছুদিন ধরে আলৃ-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন।
ইসরাত টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল-ঘুসিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। ওই সময় আল আমিন সংসার করবেন না বলেও জানান। পরে ইসরাত ৯৯৯-এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।
আল আমিন স্ত্রী-সন্তানদের বাসা থেকে বের করে অন্যত্র বিয়ে করবেন বলে জানান। দুই বছর ধরে আসামি বাদীর খোঁজখবর নেন না এবং বাসায় নিয়মিত থাকেন না। যার কারণে ইসরাত তার দুই সন্তানসহ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণপোষণ দাবি করে মামলা করেন।
