শ্রীলঙ্কার বিপক্ষে হার থেকে শিক্ষা নিতে চান রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে বিপদে ভারত। ফাইনালের পথ একপ্রকার বন্ধই হয়ে গেলো রোহিত শর্মার দলের। তাদের সামনে এখন কঠিন সমীকরণ। টানা দুই ম্যাচ হেরে হতাশ অধিনায়ক রোহিত শর্মাও। তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে চান ভারতের অধিনায়ক।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মোট ২৮টি ম্যাচ খেলেছে ভারত। ২২ জয়ের বিপরীতে হেরেছে মাত্র ৬টিতে। এশিয়া কাপের সুপার ফোরে আসার আগেও জয়ের মধ্যেই ছিল দলটি। সেই কথা মনে করিয়ে দিলেন রোহিত। একই সঙ্গে এই হার থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তিনি।

রোহিত বলেন, “দুর্ভাবনার তেমন কিছু নেই। টানা দুটি ম্যাচ আমরা হেরেছি। গত বিশ্বকাপের পর থেকে খুব বেশি ম্যাচ আমরা হারিনি। এই এশিয়া কাপে আমরা চেয়েছিলাম নিজেদের চাপে ফেলে পরখ করতে।”

তিনি আরও যোগ করেন, “আমরা এখনও অনেক কিছুর সমাধান খুঁজছি। এই ধরনের ম্যাচ খেললে সেই সমাধানগুলোর অনেক কিছুই পাওয়া যায়। এই দল লম্বা সময় ধরে ভালো খেলছিলো। এই ধরনের হার দল হিসেবে আমাদের আরও ভালোভাবে শিখতে সহায়তা করবে।”

দল হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফর্ম করেন রোহিত। ৪১ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস আসে তার ব্যাট থেকে। তবে সেটা যথেষ্ট ছিলো না। ওপেনিং জুটিতে ভর করে সহজেই এই লক্ষ্য তাড়া করে দিতে যায় শ্রীলঙ্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »