নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঠের ক্রিকেট ও ক্রিকেটের বাইরে ভারত পাকিস্তান সর্বদাই একে অপরের চিরো শত্রু।ভারত পাকিস্তান খেলা মানেই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে মাঠের বাইরে দুই দলের দুই সেরা তারকা বিরাট কোহলি ও বাবর আজম ঘনিষ্ঠ বন্ধু, এমনটা জানিয়েছেন বিরাট কোহলি ।
এখনকার ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের বন্ধুত্ব এবার ফুটে উঠল ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির কথায়। পাকিস্তানের অধিনায়ক, সময়ের অন্যতম সেরা ব্যাটার ও নিজের প্রতিদ্বন্দ্বী বাবর আজমের সাথে কোহলির দারুণ বন্ধুত্ব। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে বাবরকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন কোহলি।
তিনি বলেন, ‘বাবর খুব ভালো ছেলে। ওর সঙ্গে কথাবার্তা হলে খুব ভালো লাগে। কতটা ঘনিষ্ঠ আমাদের বন্ধুত্ব, সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই না। কিন্তু একে অপরকে সমীহ করি, বরাবরই করতাম।’
শুধু বাবর বা কোহলিই নন, ভারত ও পাকিস্তানের সব ক্রিকেটারই এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। দুই দলের বৈরিতা তাই অনেকটাই উবে গেছে, দ্বৈরথ শুধুই মাঠের ক্রিকেটে।
কোহলির ভাষায়, ‘ওদের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে। ওরাও একই কথা বলে। দুই দলই একে অপরকে সমীহ করে। গত বছরের ম্যাচের কথা খেয়াল করে দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মাঠের বাইরে আমরা বন্ধু।’
