নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় জানাতে চায় বিসিবি!
অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশ গুলোতে, ক্রিকেটারদের মাঠ থেকে সতীর্থ ও গ্যালারি ভর্তি দর্শকদের সামনে সম্মানের সহিত বিদায় নেওয়ার সংস্কৃতিটি বাংলাদেশে এখনো চালু হয়নি।এখন অব্দি, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে, যতো ক্রিকেটার অবসর নিয়েছেন, তার এক তৃতীয়াংশ ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গনমাধ্যমের মাধ্যমে।
দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবদের ভূমিকা সবারই জানা। তাদেরই একজন মাশরাফি বিন মর্তুজা অঘোষিত বিদায় জানিয়ে রেখেছেন ক্রিকেটকে। মাহমুদউল্লাহ রিয়াদ সাদা পোশাককে বিদায় জানিয়েছেন বছর দেড়েক আগে।ক’দিন আগে ফেসবুকের মারফতে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন তামিম। তামিমের পর একই পথে হেটেছেন বন্ধু মুশফিকও! মুশফিকও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রিকেটারদের এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণায় বিব্রত খোদ বিসিবি! এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির প্রবল ইচ্ছা থাকার পরও ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় জানাতে পারছে না দাবী করে তিনি বলেন: এই ধরনের অবসর না হওয়াই ভাল। অনান্য দেশ গুলোর দিকে লক্ষ্য করুন, তাদের কোন ক্রিকেটার অবসর নেওয়ার ছয় মাস কিংবা এক বছর আগে থেকে বোর্ডকে একটা ইঙ্গিত দিয়ে রাখে, অমুক মাসে বা অমুক সিরিজই আমার ক্যারিয়ারের শেষ সিরিজ, এরপর আমি অবসরে যাবো।
তিনি আরো বলেন: কোন প্লেয়ার যদি মনে করে, আমি এতদিন পর্যন্ত খেলবো বা এই সিরিজের পর আমি অবসরে যাবো, তাহলে আমরা সম্মানের সাথে তাদের অবসরের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং তাদের বিদায়টাও সম্মানের সাথে দিতে পারি।
