নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেকদিন ধরেই নিজের চেনা ফর্মে নেই ব্যাটার বিরাট কেহলি। তবে রানে ফিরতে শুরু করেছেন চলমান এশিয়া কাপে। কিন্তু কোহলিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে বাকি দুই ফরম্যাটে মনোযোগী হতে বললেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
শোয়েবের চাওয়া, কোহলি অন্তত আরও ৩০ টা সেঞ্চুরি করুক। শচিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙার সামর্থ্য একমাত্র কোহলির আছে বলেই মনে করেন শোয়েব।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারত। দুটো ম্যাচেই তিনে ব্যাটিং করেছেন কোহলি। তাতে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে ৩৫ এবং হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করেন তিনি। যদিও এই দুই ইনিংসও একদমই মনে ধরেন কিংবদন্তি এই পেসারের।
শোয়েব বলেন, “বিরাট কোহলি ব্যাটে ভালোভাবে বল লাগাতে পারছে না। দুটো ইনিংসই ছিল যথেষ্ট ঘোলাটে। যদিও সে একটিতে ৫৯ রান করেছে। আমি তাকে শুভকামনা জানাই। আমার একটাই পরামর্শ থাকবে, তা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোহলি একটু দেখুক।”
“এই ফরম্যাটে সে মানিয়ে নিতে পারছে নাকি পারছে না সেটা দেখা দরকার আছে। তাকে আরও ৩০ টি সেঞ্চুরি করতে হবে। আমি চাই সে একশ সেঞ্চুরি করুক এবং শচিনের রেকর্ড ভেঙে ফেলুক। এমনটা এখন অসম্ভব। তবে কোহলি সেটা করতে পারবে।” – শোয়েব যোগ করেন।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এরপর তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খান অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেন কোহলি। এর মধ্যে ২০ রান অতিক্রম করতে পারেননি একটি ইনিংসেও।
