আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্র্যান্ডহোমের বিদায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড ক্রিকেটে একসময় দুর্দান্ত দাপট ছিলো তার। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে ওঠেননি। তার সঙ্গে যোগ হয়েছিলো ইনজুুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আর সামলে উঠতে পারছিলেন না কলিন ডি গ্র্যান্ডহোম। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। ৩৬ বছর বয়সে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

বিদায় প্রাক্কালে নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, “আমি মেনে নিচ্ছি যে আমার বয়স কমছে না। ট্রেনিং করা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছিলো, বিশেষ করে ইনজুরির কারণে। এছাড়া আমার একটি পরিবার আছে, ক্রিকেটের পরের জীবনটা নিয়ে ভাবতে চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ এসব নিয়ে ভেবেছি।”

“২০১২ সালে অভিষেকের পর ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। তবে আমার মনে হয়েছে, এখনই বিদায় বলার সঠিক সময়।” – গ্র্যান্ডহোম আরও যোগ করেন!

নিউজিল্যান্ডেড ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তার। এই সময়ে কিউইদের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম। মিডিয়াম পেস বোলিংয়ের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি ছিল তার। উচ্চতাটা এক্ষেত্রে বেশ কাজে দিতো।

গ্র্যান্ডহোম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আবার ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের ম্যাচেও ছিলেন এ ক্রিকেটার।

নিউজিল্যান্ডের হয়ে ২৯ টেস্ট খেলে দুটি সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি করেছেন গ্র্যান্ডহোম। উইকেট নিয়েছেন ৪৯টি। ৪৫ ওয়ানডেতে ১০৬.১৫ স্ট্রাইকরেটে ৭৪২ রান এবং ৩০ উইকেট নিয়েছেন। এছাড়া ৪১ টি-টোয়েন্টিতে ৫০৫ রানের সঙ্গে আছে ১২ টি উইকেটও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »