জিম্বাবুয়ের বিপক্ষে জিতলো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার মতো দলের কাছে জিম্বাবুয়ে বেশ সহজ প্রতিপক্ষ হলেও ম্যাচে দেখা গেলো ভিন্ন চিত্র। সহজ জয়কে কঠিন করে জিতলো অজিরা। টাউন্সভিলেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ২০০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শুরুটা অবশ্য ভালো করেছিল রোডেশিয়ানরা। উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে ফেলে দলটি। ইনোসেন্ট কাইয়া ৪০ বলে ১৭ রান করে আউট হলে ভাঙ্গে জুটি। এরপর তাদিওয়ানাসে মারুমানি এবং ওয়েসলি মাধেভেরে মিলে যোগ করেন আরও ৪৫ রান।

৬১ বলে ৪৫ রান করা মারুমানি অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফিরলে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কেবল এক প্রান্ত আগলে ছিলেন মাধভেরে। ৯১ বলে চারটি চারে ৭২ রান করে ফিরে যান তিনি। শেষদিকে অধিনায়ক রেগিস চাকাভার ৩১ রানে ভর করে ২০০ রানের ঘরে পৌছায় জিম্বাবুয়ে।

অজিদের পক্ষে ৩৩ রান খরচায় পাঁচ উইকেট নেন ক্যামেরন গ্রীণ। এছাড়া জাম্পা ৫৭ রান খরচায় নেন তিন উইকেট। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৪৩ রানে অধিনায়ক ফিঞ্চের উইকেট হারায় তারা। ২১ বলে ১৫ রান করে ফিরে যান ফিঞ্চ। তারপর ওয়ার্নার ও স্মিথ মিলে দলকে এগিয়ে নেন। ৬৬ বলে ৫৭ ওয়ার্নার ফিরলে শুরু হয়ে অজিদের ব্যাটিং ধ্বস। অ্যালেক্স ক্যারি (১০), মার্কাস স্টইনিস (১৯) এবং মিচেল মার্শকে (২) ফিরিয়ে ধ্বস নামান রায়ান বার্ল।

১৫৫ রানে পাঁচ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন স্মিথ ও ম্যাক্সওয়েল। ৯৯ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করা এ দু’জন। ৮০ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন স্মিথ। অপরদিকে সমান সংখ্যাক তিনটি করে ছক্কা ও চারে ৯ বলে অপরাজিত ৩২ রান করেন ম্যাক্সওয়েল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »