নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শচিন টেন্ডুলকারকে ধরতে এখনও অনেক দেরি জেমস অ্যান্ডারসনের। তবে ঘরের মাঠে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকেই তার। সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন ইংলিশ অভিজ্ঞ পেসার।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের শততম ম্যাচ। টেস্টের সুদীর্ঘ ১৪৫ বছরের ইতিহাসে ঘরের মাঠে একশ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে পারেননি আর কেউ।
ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলা টেন্ডুলকার ভারতে ৯৪ ম্যাচ খেলে আছেন তালিকায় দুই নম্বরে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কেনিংটন ওভালের টেস্ট দিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন।
একমাত্র ক্রিকেটার হিসেবে অবশ্য দেশের বাইরে একশ টেস্ট খেলার কীর্তি টেন্ডুলকারের। ১০৬ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ভারতের বাইরে।
দেশে ৯০ টেস্টের বেশি খেলেছেন আর কেবল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং (৯২) ও আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড (৯১)।
বাংলাদেশের হয়ে এখনও ঘরের মাঠে ৫০ টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কারো। সর্বোচ্চ ৪৭ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪১ টেস্ট।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। এরপর কেবল ছুটে চলছেন তিনি। এই ম্যাচের আগ পর্যন্ত ১৭৩ টেস্টে তার শিকার ৬৫৮ উইকেট। তার চেয়ে বেশি টেস্ট উইকেট নেই ইতিহাসের আর কোনো পেসারের।
ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ম্যাচের আগে ৪২০ উইকেট নিয়েছেন তিনি ঘরের মাঠে। সব দল মিলিয়ে দেশের মাটিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের, ৪৯৩টি।
