নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ বেন সেয়ার্স। এছাড়াও ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ম্যাট হেনরি ও কেন উইলিয়ামসন।
রিব ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গিয়েছিলেন হেনরি। ইনজুরি কাটিয়ে ওঠায় দলে ফেরানো হয়েছে তাকে। এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী সেয়ার্স।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুটি ওয়ানডে খেলতে পারেননি উইলিয়ামসন। ২০১৯ বিশ্বকাপের পর সব মিলিয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচে খেলেছেন এই ব্যাটার।
অজিদের মাটিতে কিউইদের ভাগ্য বরাবরই খারাপ। সবশেষ ১৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পেরেছিলো তারা। এবার সেই খরা কাটিয়ে উঠতে চান কিউই দলপতি।
উইলিয়ামসন বলেন, “আপনি চ্যাপেল-হ্যাডলি সিরিজ দেখেই বেড়ে উঠেছেন। এখানে দারুণ লড়াই হয়। এর অংশ হতে পারাটা বিশেষ কিছুই বটে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো কতোটা কঠিন সেটা আমরা জানি, আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।”
সেপ্টেম্বরের ৬ তারিখ কেয়ার্নসের কাজালি’স স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৮ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের ২য় ও ৩য় ওয়ানডে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিল অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সেয়ার্স এবং টিম সাউদি।
