নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম খেলোয়াড় শাদাব খান। এই স্পিন বোলিং অলরাউন্ডার দলের প্রয়োজনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে চান। প্রয়োজনে ওপেনিংয়েও নামবেন বলে জানিয়েছেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন শাদাব। এই সফরে ডাচদের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে পাকিস্তান দলের।
এই সিরিজকে সামনে রেখে পরিকল্পনার কথা জানাতে গিয়ে শাদাব বলেন,”যদি আমার অনুরোধে সিদ্ধান্ত নেয়া হয়, তবে আমি ওপেনার হিসেবেও খেলতে তৈরি। কিন্তু দলের প্রয়োজনের দিকেও নজর দিতে হবে। অবশ্যই যদি পরিস্থিতি এমন হয় আমি যেকোনো জায়গায় ব্যাটিং করতে চাই।”
বাবর আজমের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তান। শাদাব মনে করেন বাবরের নেতৃত্বে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা।
অধিনায়কের প্রশংসা করে এই অলরাউন্ডার বলেন,”বাবর আজমের নেতৃত্বে সব খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সামনের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
