নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পর এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ব্যাপারটি তারা গুরুত্ব সহকারে দেখছেন।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,”আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।”
দুই একদিনের মধ্যেই সাকিবের এই ব্যাপারটির সুরাহা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন,”এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।”
