নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি ওয়ানডে থেকে বেন স্টোকস অবসরের পর থেকেই এই সংস্করণ নিয়ে প্রশ্ন উঠছে। কদিন আগে উসমান খাওয়াজা জানিয়েছিলেন, ধীরে ধীরে মারা যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। ওয়াসিম আকরাম বলেছেন, ৫০ ওভারের ক্রিকেটকে বাদ দেয়ার কথা। আরও অনেকেই এই সংস্করণের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ওয়ানডে ক্রিকেটের এমন অবস্থার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করেছেন মাইকেল আথারটন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পর থেকেই ওয়ানডে ক্রিকেটের শেষ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে আথারটন বলেন,”একদিনের ক্রিকেট একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আইপিএলের শুরু থেকেই একদিনের ক্রিকেটের শেষের শুরু হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছে সাউথ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যেতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এখানেই সবটা পরিষ্কার হয়ে যায়।”
আইপিএল চলাকালীন পাকিস্তান ছাড়া সবগুলো দেশেরই সিরিজ বন্ধ থাকে। শুধু তাই নয়, আইপিএলে পুরো মৌসুমে ফিট থাকার জন্য টুর্নামেন্ট শুরুর আগের সিরিজগুলো থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছেন নামিদামি ক্রিকেটাররা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আইপিএলকে বেশি গুরুত্ব দেয়ায় ওয়ানডে ক্রিকেটের দর্শক কমছে বলে মনে করেন আথারটন। তিনি বলেন,”দ্বিপাক্ষিক সিরিজের থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে আইসিসি। ফলে একদিনের ক্রিকেটের দর্শক সংখ্যা কমছে।”
