১৫-২০ রানের ইনিংসের গুরুত্ব বোঝালেন সোহান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ বছর আগে অভিষেক হলেও এখন পর্যন্ত সোহান রান করেছেন ৩৩ ম্যাচে ২৭১। গড় ১২.৯০ এবং স্ট্রাইক রেট ১১১.৯৮। তবে ভূমিকা রাখার চেষ্টা করছেন আগ্রাসী ব্যাটিংয়ে। আর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে কি ভাবছেন সেটাও অবশ্য খোলাসা করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে অবশ্য উন্নতির ছাপ স্পষ্ট রাখার চেষ্টা এই ব্যাটারের। যদিও স্ট্রাইক রেট নিয়ে কিছুটা হলেও ভাবার বিষয় আছে। তবে সব পেছনে ফেলে নতুন শুরুর দিকে তাকিয়ে টি-টোয়েন্টি দলপতি।

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ (২৪ জুলাই) মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ব্যাখ্যায় সোহান বলেন,”ব্যাটিং অর্ডারের কথা যেটা বললেন, আমরা যখন মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটিং করি আমার কাছে মনে হয় এখানে রানের চাইতে স্ট্রাইক রেট ও ইমপ্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। জিনিসটা এমন হতে পারে ১৫-২০ রান অনেক ছোট লাগতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় খেলার উপর কতটা ইমপ্যাক্ট রাখতেছি সেটা জরুরি। আমি যখন খেলোয়াড় হিসেবে খেলি তখন লক্ষ্য থাকে দল আমার কাছে কি চায় এটা ফুলফিল করা। যেহেতু এই সিরিজে দল হিসেবে অধিনায়ক হিসেবে খেলছি লক্ষ্য থাকবে দল হিসেবে খেলা এটা নিশ্চিত করা।”

মিডল ও লোয়ার অর্ডারে খেলতে ১৫-২০ রানের ইনিংসগুলোকেও ভালো চোখে দেখছেন সোহান। কারণ এসব ছোট ছোট ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে মনে করছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সোহান বলেন,”১৫-২০ রান সংখ্যায় কম দেখা যায়, এর চেয়ে খেলার উপর কতটা প্রভাব রাখতে পেরেছি সেটা গুরুত্বপূর্ণ। কারণ টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাট করি সেখানে ৫০ বা ১০০ করার সুযোগ কম থাকে। আমার কাছে মনে হয় দলের চাহিদা অনুসারে যে প্রভাব ফেলা দরকার সেটা ফেলতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »