নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তবে এই ইংলিশ ব্যাটার জানালেন, আপাতত তিন ফরম্যাটেই খেলতে চান তিনি।
স্টোকসের অবসরের ঘটনায় ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। নাসের হুসেইন, মাইকেল ভনের মতো ইংল্যান্ডের সাবেক তারকারাও এমন সূচিকে ‘পাগলাটে’ বলেই অভিহিত করছেন।
ইংলিশ ক্রিকেটারদের ওপর খেলার চাপ বাড়ানোতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) দায়ী করছেন অনেকে। যদিও এসবের পক্ষে একমত নন বেয়ারস্ট্রো। সমস্যা না থাকলে সব ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এই ইংলিশ ব্যাটার।
বেয়ারস্টো বলেন,”স্বাভাবিকভাবেই, চ্যালেঞ্জ আছে। তবে যতদিন সম্ভব সব ফরম্যাটে খেলার চেষ্টা করবো। কোনো একটি সময় হয়তো বিভিন্ন কারণে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমি বিরতি নেয়ার কারণ দেখছি না। আমি যতদিন পারবো সব ফরম্যাটে খেলবো।”
ওয়ানডে অবসরের ঘোষণা দেয়ার পর একটি বিবৃতি দিয়েছিলেন স্টোকস। যেখানে তিনি স্পষ্টতই বলেছেন, তিন ফরম্যাট মিলিয়ে ব্যাস্ত সূচি অনুযায়ী খেলা তার পক্ষে সম্ভব নয়। এর ফলেই এক ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
স্টোকস বলেন,”আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।”
