নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচে পারফরম্যান্সের উন্নতি হওয়ায় সাম্প্রতিককালে বেড়ে চলেছে বাংলাদেশের খেলা। আইসিসি ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) চক্রে আরও বাড়ছে ম্যাচের সংখ্যা। ২০২৩-২৭ মৌসুমে ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। যদিও ব্যস্ত সূচিতে ছক কষে এগোতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাম্প্রতিক সময়ে একই সঙ্গে দুটি দল খেলার রীতিও চালু করেছে ইংল্যান্ড ও ভারত। কখনও প্রতিটি সিরিজে ভিন্ন ভিন্ন ক্রিকেটার পাঠাচ্ছে তারা। মূলত ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল সামলাতে ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে তারা। বাংলাদেশ এখনো রোটেশন পলিসি চালু করলেও সেই পথে হাঁটতে পারেনি। কেননা জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সফরেও পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে বিসিবি। তবে এফটিপির আসছে চক্রে রোটেশন পলিসিতে হাঁটতে পারে বাংলাদেশ।
২০২৩-২৭ মৌসুমে ৩৪ টেস্টের সঙ্গে ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই সময় ক্রিকেটারদের ধকল কমাতে ছক কষে এগোতে চায় বিসিবি। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।
এ প্রসঙ্গে তিনি বলেন,”শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করে, সবার অ্যাবিবিলিটি আলোচনা করে পরিকল্পনা করে নিতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, শিডিউল থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।”
