নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আগামী ২০ ও ২১ জুলাই দুটি বহরে ঢাকায় পা রাখবে বাংলাদেশ দল। দুই বহরই ঢাকায় নামবে বিকেল ৫টায়। যদিও দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ছুটি কাটাতে ইংল্যান্ডে যাবেন তিনি।
টিকিট সংক্রান্ত জটিলতা থাকায় দুই ভাগে ভাগ হয়ে বিমানে উঠতে হচ্ছে তাদের। এছাড়া বিদেশি কোচিং স্টাফদের কেউ কেউ ছুটি কাটাতে নিজ দেশে যাবেন।
জানা গেছে, হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়েতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এছাড়া সিডন্স অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়েতে দলের সঙ্গে একত্র হবেন তিনি।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর পরের দুটি ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহবাহিনী। তারপর অবশ্য জয়ের ধারায় ফিরে বাংলাদেশ। পরপর তিনটি ওয়ানডে জিতে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তামিমের দল।
