নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসের ছোবলে প্রাভিন জয়াবিক্রমা ছিটকে পড়েছিলেন সবশেষ টেস্টের দল থেকে। এবার বাদই পড়ে গেলেন তিনি। তার সঙ্গে জায়গা হয়নি লাসিথ এম্বুলদেনিয়ারও।
ঘরের মাঠে দুই টেস্টের সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের দলে প্রথমে ছিলেন না জয়াসুরিয়া। দলটির একের পর এক ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দ্বিতীয় টেস্টের আগে তাকে দলে যোগ করা হয়। পরে অভিষেকও হয়ে যায় বাঁহাতি এই স্পিনারের।
ম্যাচে ১২ উইকেট নিয়ে চমক দেখান তিনি। গড়েন অভিষেকে কোনো বাঁহাতি স্পিনারের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। তার অসাধারণ বোলিংয়েই অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ইনিংস ব্যবধানে জয়ে তুলে নিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে শ্রীলঙ্কা।
পাকিস্তান সিরিজের জন্য জয়াসুরিয়ার উপর আস্থা রাখছে লঙ্কানরা। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ স্পিনার দুনিথ ওয়েল্লালাগেও ধরে রেখেছেন জায়গা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝপথে কোভিড-১৯ পজিটিভ হয়ে ছিটকে পড়া ওপেনার পাথুম নিসানকাকে রাখা হয়েছে দলে। ওই ম্যাচের আগে করোনাভাইরাস আক্রান্ত হওয়া ধনাঞ্জয়া দি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফ্রি ভ্যান্ডারসেও আছেন আসছে সিরিজের দলে।
গলে আগামী শনিবার শুরু পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলম্বোতে শুরু হবে ২৪ জুলাই।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিসানকা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবাথ জয়াসুরিয়া, দুনিথ ওয়েল্লালাগে, জেফ্রি ভ্যান্ডারসে।
