জুনের সেরা খেলোয়াড় বেয়ারস্টো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম সোমবার ঘোষণা করে আইসিসি। মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন মারিজান ক্যাপ। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারও এই প্রথম পেলেন মাস সেরার সম্মাননা। লড়াইয়ে তিনি হারান সতীর্থ শাবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ন্যাট সিভারকে।

জুনে তিন টেস্টের সিরিজে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে বড় অবদান রাখেন বেয়ারস্টো। দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে সিরিজের তৃতীয় সর্বোচ্চ ৩৯৪ রান আসে তার ব্যাট থেকে।

সিরিজের দ্বিতীয় টেস্টে ২৯৮ রান তাড়ায় খেলেন ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস। ৭৭ বলে তিন অঙ্ক স্পর্শ করে গড়েন ইংল্যান্ডের হয়ে টেস্টে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

পরের ম্যাচেও হাসে বেয়ারস্টোর ব্যাট। হেডিংলিতে দলের বিপর্যয়ে প্রথম ইনিংসে করেন তিনি ১৬২ রান। পরে রান তাড়ায় অপরাজিত ৭১ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্যাপও সেরার স্বীকৃতি জিতলেন টেস্টের পারফরম্যান্স দিয়ে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরেন তিনি। টন্টনে প্রথম ইনিংসে করেন ১৫০ রান। ড্র হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে থাকেন অপরাজিত।

২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »