‘বাজবল’ নিয়ে এত আলোচনা ম‍্যাককালামের কাছে অর্থহীন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাজবল শব্দটা এসেছে মূলত বিস্ফোরক ওপেনার ম‍্যাককালামের ডাক নাম ‘বাজ’ আর তিনি কোচ হয়ে আসার পর ইংল‍্যান্ডের আগ্রাসী ক্রিকেট মিলিয়ে।

এর আগের ১৮ মাস খুব বাজে কাটছিল ইংল‍্যান্ডের। ১৭ টেস্টে জয় ছিল কেবল একটি। হারছিল একের পর এক সিরিজ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩ ম‍্যাচের সিরিজে তারা হোয়াইটওয়াশ করে দেয় টেস্টের বিশ্ব চ‍্যাম্পিয়ন নিউ জিল‍্যান্ডকে। তিন ম‍্যাচেই বেন স্টোকসের দল জেতে তিনশর কাছাকাছি রান তাড়া করে।

আর এরপর গত মঙ্গলবার শেষ হওয়া ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান করে।

অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান স্টিভেন স্মিথের কাছে ইংল‍্যান্ডের এই পাল্টা-আক্রমণ রোমাঞ্চকর মনে হচ্ছে। তবে এর ভবিষ‍্যৎ নিয়েও সন্দিহান তিনি। পরের গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ‍্যাশেজ সিরিজে এভাবেই ইংল‍্যান্ড খেলে যেতে পারবে কি না, নিশ্চিত নন স্মিথ। একই সঙ্গে জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের সামনে এমন ব্যাটিং চালিয়ে নেওয়ার যেন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।

এত এত আলোচনার ভিড়ে অ‍্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এসইএন ডব্লিউএ ব্রেকফাস্ট শোয়ে ইংল‍্যান্ডের টেস্ট খেলার ধরন ও ২০২৩ সালের অ‍্যাশেজ সিরিজ নিয়ে ভাবনার কথা জানান ম‍্যাককালাম।

“কোথাও কোনো একটা ফিডে আমি এই (বাজবল নিয়ে মন্তব‍্য) ব‍্যাপারগুলো দেখেছি। এটা ঠিক যে যখন আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব, সেটা খুব চ‍্যালেঞ্জিং হবে। এটা আমাদের প্রক্রিয়াকে চ‍্যালেঞ্জ জানাবে। আমার মনে হচ্ছে, আমরা কী অর্জন করতে পারি তার প্রতি একটা চ‍্যালেঞ্জ হতে যাচ্ছে এটা এবং এটা খুব রোমাঞ্চকর হবে।”

নিউ জিল‍্যান্ড ও ভারতের বিপক্ষে টানা চার টেস্ট জিতে ম‍্যাককালামের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে সাবেক নিউ জিল‍্যান্ড অধিনায়ক ভালো করেই জানেন অস্ট্রেলিয়ার সামর্থ‍্য। তাই অ‍্যাশেজ নিয়ে সাবধানী তিনি।

“অ‍্যাশেজে তাদের ইতিহাস এবং ইংল‍্যান্ডের বিপক্ষে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে অস্ট্রেলিয়া ভিন্ন ধরনের চ‍্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা খুব ইতিবাচক মনোভাব ধরে রাখবে। আমার মনে হয়, ছেলেরা যেভাবে (গত কয়েক ম্যাচে দাপুটে রান তাড়া) কাজটা করেছে, তা দেখলেই বোঝা যায় যে এর পেছনে মাঠে নেমেই গুঁড়িয়ে দেওয়ার কোনো ভাবনা ছিল না।”

“আর একারণেই মানুষ যেভাবে বোকার মতো বিষয়টাকে দেখছে, আমার পছন্দ হচ্ছে না। ছেলেরা গত কয়েক ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, তার পেছনে ছিল কিছু পরিকল্পনা। তারা বোলারদের ওপর চাপ তৈরি করেছিল…আবার কিছু সময় তারাও দারুণভাবে চাপটাকে সামলেছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »