নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং খুব গুরুত্বপূর্ণ। কেননা টি-টোয়েন্টির যুগে এই পেশিশক্তিই অনেক ক্ষেত্রে ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে এ নিয়ে তর্ক আছে ঢের। অনেকেই আবার বলেন বিপক্ষে যুক্তি আছে অনেক। তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস মনে করেন, টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের ভূমিকা ঢের। যেখানে পিছিয়ে আছে বাংলাদেশ।
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর লিটন বলেন,”ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিক-ট্যাকটিকসের খেলা। আমার কাছে মনে হয় পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। আমার মনে হয় এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে।”
ক্যারিবীয়দের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ হার। তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচে বৃহস্পতিবার ১৬৪ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে লিটন দুষছেন ব্যাটসম্যানদের। পাওয়ার হিটিং আর বড় ছয় মারতে না পারার আক্ষেপে পুড়ছেন।
লিটন বললেন,”আজকের ম্যাচে হয়তোবা আমাদের বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের প্রয়োগ ঠিকঠাক করতে পারেনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাটিং করেছে পুরান এবং মায়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে।”
লিটন আরো বলেন,”তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল, যেটা আমি না বা আমাদের টিমের কেউই না। তারা চাইলে বড় গ্রাউন্ডসের ওপর দিয়ে ছয় মেরে দিতে পারে যেটা আমি বা আমাদের টিমের কেউই ক্যাপাবল না। আমরা সব সময় চেষ্টা করি চার মারার জন্য। আপনারা দেখবেন, আমাদের কিন্তু চারই বেশি হয়। ওরা ছয় বেশি মারে। এই পার্থক্যটা সবসময় থাকে।”
