নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার অনন্য এক নজির স্থাপন করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সদ্য নতুন কেন্দ্রীয় চুক্তিতে পুরুষ ও নারী ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন। পাঁচ বছরের নতুন এই চুক্তি কার্যকর হতে যাচ্ছে আগামী পহেলা আগস্ট থেকে।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও সমান সমান ম্যাচ ফি পাবে নিউজিল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেটাররা। ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এমন এক ঘটনা দেখা গেল।
এনজেডসির এমন নজিরে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি বলেন,”আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলা সবার জন্য এটা দারুণ এক সংবাদ। ছেলেদের সাথে একই চুক্তিতে থাকা সত্যিই দারুণ। আমাদের দেশের তরুণ নারী ক্রিকেটাররা ভীষণ অনুপ্রাণিত হবে।”
এ ছাড়া ঘরোয়া লিগে ৫০ ওভারের খেলায় ম্যাচ ফি ৮০০ নিউজিল্যান্ড ডলার, সুপার স্ম্যাশে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার এবং শেফিল্ড শিল্ডে এক হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার পাবেন পুরুষ ও নারী কিউই ক্রিকেটাররা।
