নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগে ভারতের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। এরপর থেকেই খানিকটা অনিয়মিত তিনি। কখনও ইনজুরি আবার কখনও ওয়ার্কলোড বেড়াজালে পড়ে নিয়েছেন বিরতি। রোহিতের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া-ঋষভ পান্তরা। ফলে বীরেন্দ্রর শেবাগ মনে করেন, অধিনায়ক হিসেবে অন্য কারও নাম থাকলে রোহিতকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেয়া উচিত।
রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়ক করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর সাউথ আফ্রিকা সফরে পান ওয়ানডে দলের নেতৃত্ব। যদিও ইনজুরির কারণে সাউথ আফ্রিকায় খেলা হয়নি তার। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট দলের দায়িত্বও পান রোহিত। ভারতের তিন ফরম্যাটের নেতৃত্ব পাওয়ার পর অবশ্য জাতীয় দলের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও মানসিক ধকল সামলে নিতে রোহিতকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দিতে বলছেন শেবাগ।
তিনি বলেন,”ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে যদি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে অন্য কেউ থাকে, তাহলে আমি মনে করি রোহিতকে অব্যাহতি দেওয়া যেতে পারে। কিছু বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। একটি হলো, রোহিতকে তার বয়স বিবেচনায় ওয়ার্কলোড ম্যানেজ ও মানসিক ধকল সামলে নিতে সুযোগ দেবে। দ্বিতীয়ত, টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নতুন কেউ নিয়োগ পেলে, সেটা রোহিতকে বিশ্রাম নিয়ে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিতে পুনরুজ্জীবিত করতে পারবে।”
